ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আড়িয়ল বিলে নিখোঁজের ৮ দিন পর মিলল লাশ

আড়িয়ল বিলে  নিখোঁজের ৮ দিন পর মিলল লাশ
×

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আড়িয়ল বিলে মাছ ধরতে গিয়ে আট দিন আগে নিখোঁজ হন নারায়ণ সরকার (৫০)। গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়। 
গত ২৮ মে সকালে নারায়ণ সরকারের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরই ছোট ভাই জগদীশ সরকার। তিনি সেদিন ফিরে এলেও নারায়ণ নিখোঁজ ছিলেন। এখন তাঁর মরদেহ উদ্ধারের পর স্বজনদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে পুলিশ জগদীশ সরকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে। 

নারায়ণ সরকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর চৌরাহাটি এলাকার নরেশ সরকারের ছেলে। ২৮ মে সকাল আনুমানিক ৮টার দিকে তিনি জগদীশ সরকারের সঙ্গে আড়িয়ল বিলে মাছ ধরতে যান। দুপুর আড়াইটার দিকে জগদীশ একা বাড়ি ফিরে এলেও নারায়ণ আর ফেরেননি। জগদীশের কাছে বড় ভাইয়ের খোঁজ জানতে চাইলে তিনি একেক সময় একেক রকম কথা বলতে থাকেন। এরপর স্বজনরা বিলের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও নারায়ণের সন্ধান পাননি। পরে নিহতের স্ত্রী চম্পা রানি নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে বিলের মাঝে একটি ডাঙার পাশে নারায়ণের ভাসমান মরদেহের সন্ধান মেলে।

পুলিশ এরই মধ্যে নিহতের ভাই জগদীশ সরকার ও নিখিল রাজবংশী নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্থানীয়দের ধারণা, নারায়ণ সরকারের মৃত্যু হত্যাকাণ্ড হতে পারে।
নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নারায়ণ সরকারের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। নারায়ণ সরকারের নিখোঁজের ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রয়োজনে তাদের আবার রিমান্ড চাওয়া হবে।
ধলেশ্বরীতে নারীর মরদেহ
গতকাল বিকালে উপজেলার দৌলতপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ বলেন, উদ্ধারকৃত মৃত নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে।

আরও পড়ুন

×