ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

নওগাঁয় ‘দেলুপি’ সিনেমার প্রদর্শনী 

নওগাঁয় ‘দেলুপি’ সিনেমার প্রদর্শনী 
×

ছবি: সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৫:১৮

প্রেম, বন্ধুত্ব, বন্যায় ডুবতে ডুবতে বাঁচতে চাওয়া মানুষের গল্প, রাজনৈতিক আর দখলদারিত্ব ও প্রতিরোধের গল্প নিয়ে তৈরি সিনেমা দেলুপি। নওগাঁয় প্রদর্শনী শেষে এমনটায় অভিব্যক্তি ব্যক্ত করেন নাট্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাজা ফকির। তিনি বলেন, দেলুপি আশা দেখায় স্বাধীন চলচ্চিত্র নির্মাণের, আশা দেখায় রাজনৈতিক বৈরিতা থাকার পরও এক হওয়ার। পরিচালক তাওকীর এবং তার টিমকে টুপিখোলা অভিনন্দন। 

শুক্রবার রাতে নওগাঁর একটি রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের মিলনায়তনে দেলুপি সিনেমার প্রদর্শনী হয়। দর্শকেরা প্রশংসায় ভাসান চলচ্চিত্রটির পরিচালক ও তার টিমকে। 

দেলুপি খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মানুষের জীবন সংগ্রাম ও মাটির সঙ্গে সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। সিনেমার চিত্রনাট্যে নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয় তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেন প্রমুখ।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন পরিচালিত এই চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার সিনেমা হলে মুক্তি পায় এবং পরে ঢাকার দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করে। দেলুপি-এর মাধ্যমে মোহাম্মদ তাওকীর ইসলাম বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছিলেন।

নাট্য অভিনেতা নিমাই সরকার বলেন, শতভাগ আনকোরা সব মুখ, যাদের অভিনয় কোনোদিন দেখব বলে চিন্তাও করি নাই, তাদের অভিনয় যে কতটা প্রাণবন্ত হতে পারে, একটা সিনেমাকে কিভাবে টেনে নিয়ে যেতে পারে, তা সিনেমা না দেখলে কেউ জানতে পারবে না। 

নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক কায়েস উদ্দিন বলেন, জীবন থেকে নেয়ার পর সম্ভবত দেলুপিই বাংলাদেশে নির্মিত কোনো পলিটিকাল স্যাটায়ারধর্মী ছবি। পরিচালক বিচারক বনে বলেননি, এরা ভালো মানুষ আর ওরা মন্দ মানুষ। মানুষদেরকে দেখা হয় মানুষ হিসাবে- এ কঠিন কাজ এতটা সহজে যে করা সম্ভব, চোখে না দেখলে বিশ্বাস হবে না।

আরও পড়ুন

×