সবাই ব্যস্ত বিয়েবাড়িতে ডুবে মৃত্যু দুই বোনের
নেত্রকোনা ও টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৫১
| প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)। পরিবারের সদস্যরা বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকার মধ্যে এই শিশু দুটির মৃত্যু হয়। এতে বিয়েবাড়ির আনন্দময় পরিবেশে শোকের ছায়া নেমে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। তাঁর স্ত্রী আত্মীয়স্বজনদের সঙ্গে ব্যস্ত ছিলেন। বাবা নিজাম উদ্দিনও ছিলেন ব্যস্ত। এ সুযোগে দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসলে নেমে তলিয়ে যায় দুই বোন। কিছুক্ষণ পর পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে এক প্রতিবেশী চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে যান।
দুই শিশুকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রতিবেশী মিজানুর রহমান বলেন, নিজাম উদ্দিনের দুটি মেয়েই ছিল, তাঁর আর কোনো সন্তান নেই। এই মর্মান্তিক ঘটনায় বিয়েবাড়িতে বিষাদের ছায়া নেমে আসে।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো তথ্য পাননি।
এদিকে টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরে গোসলে নেমে প্রাণ গেছে দুই শিশুর। গতকাল দুপুরে উপজেলায় আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনার শিকার হয় তারা। সম্পর্কে দুজন চাচা-ভাতিজা।
মৃত শিশুরা হলো–নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) ও নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল প্রথমে পুকুরে তলিয়ে যায়। তাকে উদ্ধারের সময় ডুবে যায় আব্দুর রহমান।
আতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, শিশু দুটি গতকাল সকালে সাইকেল নিয়ে বাড়ির পাশের বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলা শেষে তারা পাশের একটি দোকানে কলা খেয়ে পুকুরে গোসলে নামে। এ সময় সম্ভবত সাত বছর বয়সী ফয়সাল ডুবে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করে আব্দুর রহমান। এ সময় দুজনেই পানিতে ডুবে মারা যায়। স্থানীয় লোকজন দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে শিশু দুটির মরদেহ থানায় আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- মৃত্যু
