পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করলেন জেলে
গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী আবির চন্দ্র রায় বিপ্লবকে উদ্ধারের চেষ্টার সময় পুকুর পাড়ে স্থানীয় লোকজনের ভিড়
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৫৭
| প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে ডুবে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী বিপ্লব চন্দ্র আবিরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সাড়ে পাঁচ ঘণ্টা পর দুই পেশাদার মৎস্যজীবীর প্রচেষ্টায়
মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের দীর্ঘ আড়াই ঘণ্টার তল্লাশি অভিযান ব্যর্থ হওয়ার পর ওই দুই জেলে আবিরের মরদেহ উদ্ধার করেন।
ওই দুই জেলে হলেন শিবু সরকার ও স্বপন। তাদের মূল বাড়ি গাইবান্ধা সদরে হলেও তারা বর্তমানে ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকায় বসবাস করেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণির ছাত্র বিপ্লব চন্দ্র আবির সহপাঠীদের সঙ্গে বিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে গভীর পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে পুকুরপাড়ে তার জুতা, স্কুলব্যাগ ও সাইকেল পড়ে থাকতে দেখে সহপাঠীরা শিক্ষক ও স্থানীয়দের খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩৫ মিনিট পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও আবিরের কোনো সন্ধান পায়নি। পরে স্থানীয়দের আহ্বানে অভিজ্ঞ মৎস্যজীবী শিবু সরকার ও স্বপন পুকুরে নামেন। দীর্ঘ ডুবসাঁতারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে তারা আবিরের মরদেহ উদ্ধার করেন।
ওসি শাহ আব্দুল লতিফ বলেন, স্থানীয় জেলেরা লাশ উদ্ধারের পর তা হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
