ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কথিত পীরের আস্তানা সরানোর নির্দেশ

কথিত পীরের আস্তানা সরানোর নির্দেশ
×

গয়াছ মিয়া

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০৭:৫৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর পঞ্চায়েতি কবরস্থানে গড়ে তোলা কথিত পীর গয়াছ মিয়ার আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আস্তানা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে আস্তানাটি ৪৮ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, জামিনে মুক্ত এক হত্যা মামলার আসামির কবরস্থানে আস্তানা গড়ে তোলা এবং সেখানে নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে কথিত পীরের আস্তানা ঘর থেকে কুড়াল, লোহার রড ও কাঁচি উদ্ধার করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গয়াছ মিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে আস্তানা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গয়াছ মিয়া নামের ওই ব্যক্তি একটি হত্যা মামলার আসামি হিসেবে দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বের হন। এরপরই তিনি নিজেকে ‘স্বপ্নে আদিষ্ট পীর’ হিসেবে দাবি করেন। মাথায় পাগড়ি ও হাতে লোহার রড নিয়ে পীরের বেশ ধারণ করে গ্রামের শতবর্ষী পঞ্চায়েতি কবরস্থানের একটি বড় গাছের নিচে বাঁশ-বেত দিয়ে দোতলা আস্তানা ঘর তৈরি করে বসবাস শুরু করেন। 

এদিকে প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানের পর এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের আতঙ্ক কেটে যাওয়ায় স্থানীয়রা খুশি।

আরও পড়ুন

×