রাস্তা-ফুটপাত থেকে সরে যেতে পৌর প্রশাসনের নির্দেশনা
নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের কারণে ছাতক পৌর এলাকায় যানজট। ছবি; সমকাল
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০৭:৫৮
সুনামগঞ্জের ছাতক পৌর শহরকে কোনোভাবেই যানজটমুক্ত করা যাচ্ছে না। মূল সড়ক ও ফুটপাত দখল করে বসেছে সবজি, ফলসহ নানা রকমারি পণ্যের দোকান। রাস্তার ওপর গড়ে ওঠা এসব অস্থায়ী দোকানের কারণে যানজটে ভোগান্তি এখন শহরবাসীর নিত্যসঙ্গী। তবে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত এবং এক স্কুলছাত্রী আহত হওয়ার পর নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন।
গতকাল রোববার দিনভর শহরের অলিগলিতে পৌর প্রশাসনের পক্ষে মাইকিং করা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে সড়কের ওপর থেকে সব অবৈধ দোকানপাট ও ফুটপাত দখলকারীদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি শহরের ট্রাফিক পয়েন্টে অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হন। এ ছাড়া গত সপ্তাহে অন্য এক অটোরিকশা দুর্ঘটনায় স্কুলছাত্রী আহত হওয়ার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শহরে মানববন্ধন করেন।
এসব ঘটনার পর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট পাঁচটি দপ্তরে স্মারকলিপি দিয়েছে।
শহর ঘুরে দেখা গেছে, প্রধান সড়কের দুপাশের অধিকাংশ অংশই বেদখল। অনেক স্থায়ী দোকানি তাদের দোকানের সামনের ফুটপাত ও রাস্তা ব্যবহার করে ব্যবসা করছেন। ফলে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে।
শহরের পশ্চিম বাজার থেকে ট্রাফিক পয়েন্ট, এক নম্বর ব্রিজ থেকে বাস টার্মিনাল, মধ্যবাজারের চাল ও পানহাটা পর্যন্ত ফুটপাত, রাস্তার একাংশ ও খালি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান। এর সঙ্গে যত্রতত্র অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা এবং এলোমেলো পার্কিংয়ের কারণে শহরজুড়ে স্থবিরতা নেমে আসে।
শহরে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল, অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে গাড়ির চাবি এবং ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের একাধিক ব্যবসায়ী নেতা বলেন, সড়কের বেশির ভাগ অংশ দখল করে ব্যবসা করছেন ভাসমান হকাররা। যানজটের কারণে অনেক সময় পায়ে হেঁটে চলার মতো জায়গাটুকুও পাওয়া যায় না।
তবে ফুটপাতের সবজি বিক্রেতা জয়নাল মিয়া নিজের অসহায়ত্ব তুলে ধরে বলেন, গরিব মানুষ তাই অগ্রিম টাকা বা জামানত দিয়ে দোকান নেওয়ার সামর্থ্য তাদের নেই। তাই ভ্যানগাড়িতে সবজি নিয়ে বেশ কয়েক বছর ধরে এখানেই ব্যবসা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন বলেন, শহরের যানজট নিরসনে গত শনিবার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে মাইকিং করে দুদিনের সময় দিয়েছি। এ বেঁধে দেওয়া সময়ের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সুনামগঞ্জ