ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত

ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
×

 হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

মাধবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ ধসে দপ্তরি আহত হওয়ার ঘটনা জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে জেলার সব ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকা চেয়েছেন আদালত। একই সঙ্গে দুর্ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপদ পাঠদানে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ধসে পড়লে গুরুতর আহত হন বিদ্যালয়ের দপ্তরি প্রকাশ দাস। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য রুহি দাস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারক মোহাম্মদ জাকির হোসেন টিপু দুটি আদেশ প্রদান করেন; যার পরিপ্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে হবিগঞ্জ জেলার কতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা আদালতে দাখিল করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দুর্ঘটনাকবলিত হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে মাধবপুর ইউএনও, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আগামী ৭ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×