লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও
লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৯:৩৪
| প্রিন্ট সংস্করণ
ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেছেন বিদ্যুৎ গ্রাহকরা। পরে তারা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ মৌচাক জোনাল অফিস ঘেরাও করেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
পল্লী বিদ্যুতের গ্রাহকরা জানান, এক সপ্তাহ ধরে উপজেলার মৌচাক, সফিপুর নিশ্চিন্তপুর এলাকাসহ উপজেলার সর্বত্র বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। এতে ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্টসহ জনজীবন দুর্বিষহ হয়ে পড়ায় গতকাল সকালে মৌচাক এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীরা মৌচাক বাজার এলাকায় জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে মৌচাক বাজারের পশ্চিম পাশের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির মৌচাক জোনাল অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করেন গ্রাহকরা। এ সময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে এবং লোডশেডিং কম দেওয়ার আশ্বাসে পরিস্থিতি শান্ত করেন।
এর আগে মৌচাক বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন পল্লী বিদ্যুৎ গ্রাহক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, মো. সিরাজুল ইসলাম, সোহেল আহমেদ, ইমরান বাদশা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এক সপ্তাহ ধরে আমরা বিদ্যুৎ পচ্ছি না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে চার-পাঁচ ঘণ্টা পরপর বিদ্যুৎ আসে, তাও ১০ মিনিটের জন্য। বাসাবাড়িতে বিশুদ্ধ পানির সংকট হচ্ছে। এলাকার অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক। তারা ডিউটি শেষ করে বাসায় ফিরে ঠিকমতো ঘুমাতে বা বিশ্রাম নিতে পারছেন না।
এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মৌচাক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সকালে এলাকাবাসী লোডশেডিংয়ের কারণে অফিস ঘেরাও করেন। পরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস দিলে তারা ফিরে যান। বিদ্যুতের গ্রিড থেকেই সরবরাহ কম করা হয়। বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে। তবে এ সংকটের সমাধান দ্রুতই হবে।
- বিষয় :
- লোডশেডিং
