ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার
×

আফতাব মজুমদার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৫:২৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১৮:৪৫

চট্টগ্রামে বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, কলেজ পড়ুয়া এক তরুণী গত ১৯ জুলাই আফতাব মজুমদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায়  বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র‌্যাব আসামি আফতাবকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই তরুণী থানায় মামলা করেন। 

এদিকে বৃস্পতিবার চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক চিঠিতে নৈতিক স্থলনের দায়ে আফতাবকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কার আদেশে বলা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আফতাব মজুমদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী মহানগর কমিটির জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে তাকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এনসিপি চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, বহিষ্কারের নির্দেশ আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এরপর থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে আফতাব মজুমদারের সম্পর্ক থাকবে না।

আরও পড়ুন

×