সেপ্টেম্বরের শেষ দিকে ব্যাপকভাবে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৬:৫১
আগামী সেপ্টেম্বরের শেষ দিকে দেশজুড়ে ব্যাপকভাবে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
আজ রোববার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সহজভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে জন্মহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন সামগ্রীর সংকট রয়েছে। এসব সরঞ্জাম সরবরাহের জন্য টেন্ডার করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে। জেলা সদর হাসপাতালে ১০০ শয্যার ডায়ালাইসিস সুবিধা চালু করা হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলোতেও ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করার প্রয়োজন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব।’
স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।’