প্রতিবন্ধী ব্যক্তিদের লড়াইকে সম্মান করতে হবে: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুর টাউন হলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক কর্মসংস্থান ও শ্রবণপ্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ২১:২৩
‘যার চোখ আছে, আমরা বুঝি না যে আমরা কতটা সৌভাগ্যবান। এর মধ্যেও প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে টিকে আছেন। তাদের এই সংগ্রামকে আমাদের সম্মান করতে হবে।’ লক্ষ্মীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এদিন সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক কর্মসংস্থান ও শ্রবণপ্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সমাজে টিকে আছেন। তাদের কষ্ট ও সংগ্রাম উপলব্ধি করে ব্যক্তি, পরিবার ও সমাজের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’
মন্ত্রী বলেন, জন্মের পর থেকেই যারা দৃষ্টিহীন, তাদের বাস্তবতা এক ধরনের। আবার অনেকে জন্মের পর স্বাভাবিকভাবে দেখলেও অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে দৃষ্টিশক্তি হারান বা ক্ষতিগ্রস্ত হন। দুই ক্ষেত্রেই কষ্ট ও সংগ্রাম অনেক বেশি। প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার ও অভিভাবকদের একা রেখে দিলে চলবে না। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি সামাজিকভাবে তাদের পাশে দাঁড়াতে হবে।
প্রভাষক তানজিনুজ্জামান তিষানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু।
এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ক্লিয়ার হিয়ারিং সলিউশন্সের সিইও আরিফুল ইসলাম প্রমুখ।