রূপগঞ্জে রোলিং মিলের বাট্টি বিস্ফোরণে দগ্ধ ৪
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৩:১১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং মিলে বাট্টি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আবির হোসেন (৩০) নামের এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দগ্ধ অপর শ্রমিকরা হলেন নাবির হোসেন (২৫), নাজমুল ইসলাম (৩০) ও রকিব হোসেন (২৫)। ঘটনার পরপরই আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে আড়িয়াব এলাকার প্রিমিয়ার স্টিল রোলিং মিলের ভেতর থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, মিলে কর্মরত চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, রোলিং মিলে বাট্টি লিক হয়ে গরম ধাতব পদার্থ নিচে পড়ে যাওয়ার সময় বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হতে পারে। তবে বাট্টিতে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর মিলের নিরাপত্তা-ব্যবস্থা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে মিল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আড়িয়াব এলাকায় একটি রোলিং মিলে বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ