ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষ উদযাপন, দুই সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন

নজরুল বর্ষ উদযাপন, দুই সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন
×
×

ছবি-সংগৃহীত

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২৩:০৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সাধনা ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরের সদরপুরে ‘নজরুল বর্ষ উদযাপন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে বাংলা সাহিত্য পত্রিকা ‘কল্পলোক’-এর পঞ্চম প্রকাশনা এবং ইংরেজি সাহিত্য সাময়িকী ‘দি ক্রিয়েটিভ মাইন্ড’-এর দ্বিতীয় প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার সকালে সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সদরপুর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সুজন সদরপুর শাখার সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান আজাদ ও সাহিত্য সাময়িকী দুটির সম্পাদক এন. ইউ. প্রিন্স অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন সুজন সদরপুর শাখার সভাপতি কবির হোসাইন। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রেজভী জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও লোকগবেষক সৈয়দ জাহিদ হাসান, সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু, সাহিত্য পরিষদের সভাপতি করিম রেজা বাবু (গাংচিল বাবু), উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য আজহার মিয়া, সুজন ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান এবং ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শের চর্চা বাড়ানো প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সাহিত্য পত্রিকা নতুন লেখক ও সৃজনশীল প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। ‘কল্পলোক’ ও ‘দি ক্রিয়েটিভ মাইন্ড’ নিয়মিত সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখক তৈরিতে এবং বাংলা ও ইংরেজি সাহিত্যের বিকাশে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। সমাজে মুক্তচিন্তা, মননশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার এমন উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

আরও পড়ুন

×