বাবা গ্রেপ্তার হওয়ার ক্ষোভে প্রতিপক্ষের ওপর হামলা ছেলের
ফাইল ছবি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২০:৫৪
সাতক্ষীরার শ্যামনগরে সৈনিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করার জেরে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার গোপালপুর-সোয়ালিয়া সংযোগ সড়কে এ হামলা হয়। আহত মোজাম মিস্ত্রি (৬২) খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মোজাম মিস্ত্রি উপজেলার গৌরীপুর গ্রামের মৃত তাহের মিস্ত্রির ছেলে। তাঁর ছেলে তোফাজ্জল মিস্ত্রির ভাষ্য, জমিসংক্রান্ত বিষয়ে উপজেলা সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল হোসেনের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে শ্যামনগর থানা পুলিশ একটি মামলায় ইস্রাফিলকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর তাঁর বাবা নকিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সোয়ালিয়া এলাকার ফাঁকা রাস্তায় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। এ হামলায় ইস্রাফিলের ছেলে বিল্লাল হোসেন বাবু, তাঁর সহযোগী হাসান, সাগরসহ ১০-১২ জন অস্ত্রধারী অংশ নেয়।
তোফাজ্জল জানিয়েছেন, শুরুতে তাঁর বাবাকে পথচারীদের সহায়তায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় খুলনা নিয়ে গেছেন। তাঁর হাত ও পায়ের রগ কেটে গেছে। এ কারণে চিকিৎসকরা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।
এ বিষয়ে বিল্লাল হোসেন বাবু বা তাঁর সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে নিয়ে স্বজনরা ব্যস্ত। তাই থানায় অভিযোগ দেওয়ার মতো সময়-সুযোগ তারা পাননি। তিনি আরও জানান, সরকারবিরোধী তৎপরতার একটি পুরোনো মামলার আসামি হিসেবে উপজেলা সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মোজাম মিস্ত্রির ওপর হামলার নেপথ্য কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- আওয়ামী লীগ
- গ্রেপ্তার
- হামলা