ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
×
×

বরিশালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশন কর্মীরা। গতকাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসংলগ্ন চৌমাথায়। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১০:১৪

বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবশেষে দখলমুক্ত হয়েছে। ওই এলাকায় স্টিলের ২০টি ভাসমান স্টলসহ আশপাশের অবৈধ স্থাপনা গতকাল রোববার দুপুরে উচ্ছেদ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিসিসি কর্মীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন। চৌমাথা কাঁচাবাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশ, হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকায় অভিযান চালানো হয়। চৌমাথা সিটি মার্কেটের সামনে মহাসড়ক দখল করে রাখা স্টিলের তৈরি স্টলগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে চৌমাথা এলাকায় গেছেন। তাঁর ভাষ্য, বেশির ভাগ জায়গায় সকালে উচ্ছেদ করলে বিকেলে আবার দখল হয়ে যায়। 

গত বুধবার গভীর রাতে মহাসড়কের ওপর স্টিলের তৈরি চাকা লাগানো ২০টি দোকান বসানো হয়। এ নিয়ে সমকালে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন

×