ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এক মাস আগে সন্তান জন্ম দেওয়া গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-দেবর আটক

এক মাস আগে সন্তান জন্ম দেওয়া গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-দেবর আটক
×
×

প্রতীকী ছবি

বরিশাল ব্যুরো ও বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:০১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:১৩

বরিশালের বাবুগঞ্জে স্বামীর নির্যাতনে ঐশি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী সোহেল খান (২৮) ও দেবর তানভীর খানকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঐশি এক মাস চার দিন আগে একটি পুত্রসন্তানের জন্ম দেন।

আটক সোহেল খানও তানভীর খান

সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

ঐশীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বিয়ের পর থেকেই তাঁকে প্রায়ই মারধর করতেন সোহেল। তিন দিন আগে কথাকাটাকাটির একপর্যায়ে লোহার রড দিয়ে তাঁর মাথা ও কপালে আঘাত করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল।

হাসপাতালের চিকিৎসক তূর্য্য অধিকারী জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঐশীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বামী ও দেবর। তাঁর মাথা, কপাল ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে মস্তিষ্ক ও চোখে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে সোহেল ও তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×