গোয়ালন্দে শেয়াল মারার ফাঁদে আটকে স্কুলছাত্রীর মৃত্যু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২০ | ০৬:৩৩
রাজবাড়ীর গোয়ালন্দে মুরগির ফার্মের সুরক্ষায় স্থাপন করা শেয়াল মারার বৈদুতিক ফাঁদে আটকে খাদিজা খাতুন (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরুপারচর গ্রামে রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
খাদিজা স্থানীয় মো. মঞ্জু ফকিরের মেয়ে ও নলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, স্কুলছাত্রীর বাড়ির পাশেই জসিম সরদারের মুরগির খামার। শেয়াল ও কুকুরের উৎপাতের কারণে দীর্ঘদিন ধরে খামারের চারপাশে জিআই তারের সঙ্গে বিদ্যুতের সংযোগ দেন তিনি। রোববার সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে খেলাধুলার সময় স্কুলছাত্রী একপর্যায়ে ওই তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
