মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকায় আটক ২১
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকা কয়েকজন- সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৩:৫৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০৪:২১
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের ঢোকার সময় এক দালালসহ ২১ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার ভোর ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি দাবি করে বলছেন, বিভিন্ন সময়ে কাজের খোঁজে ও চিকিৎসার জন্য তারা ভারতে গিয়েছিলেন।
বিজিবি জানায়, ৫৮ ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মহেশপুর বিওপি’র ১শ’ থেকে দেড়শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর কালভার্টের পাশ থেকে ২১ জনকে আটক করে। পরে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩এর ১১(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

খালিশপুর বিজিবি-৫৮ এর উপ-অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ২১৪ জনকে আটক করে বিজিবি। মামলা দিয়ে তাদেরকেও কারাগারে পাঠানো হয়। পরে নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের সনদের মাধ্যমে আদালত থেকে জামিন নেন তারা।
