ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মায়ের সামনে যুবককে নির্যাতনকারী সেই মাতব্বর গ্রেপ্তার

মায়ের সামনে যুবককে নির্যাতনকারী সেই মাতব্বর গ্রেপ্তার
×

ছবি ভিডিও থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ১২:৩১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ১২:৩৫

কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতন চালানো সেই গ্রাম্য মাতব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম আবু তাহের কন্টাক্টর।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থনার ওসি মনজুরুল আলম জানান, তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এখনও মুরাদনগর আনা হয়নি। 

এর আগে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায় মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার যুবকের নাম রাজু চন্দ্র। তিনি কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে। 

পরে বৃহস্পতিবার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মাতব্বর আবু তাহেরকে আসামি করে কুমিল্লা মুরাদনগর থানায় মামলা করেন।  

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কোন কারণ ছাড়াই হাত-পা বেঁধে ওই যুবককে মারধর করেন মাতব্বর আবু তাহের। বাধা দিয়ে রুখতে না পেরে সেই নির্যাতনের দৃশ্য দাঁড়িয়ে দেখেছেন ওই যুবকের মা। ঘটনাটি উপস্থিত কেউ মোবাইলে ধরণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। একদিনের মধ্যে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জামা-কাপড় খুলে যুবকের হাত-পা বেঁধে প্রচণ্ড শীতের মধ্যে মাটিতে ফেলে রাখা হয়েছে। এই অবস্থায়ই ওই যুবকের মুখে ও বুকে লাথি মেরে চলেছেন ওই মাতব্বর।

নির্যাতনের শিকার ওই যুবকের ভাই সজল চন্দ্র বিশ্বাস জানান, ভাইয়ের ওপর এমন অমানবিক আচরণের বিচার চেয়ে আমরা এলাকার অন্যান্য মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরে এখন ক্লান্ত। মাতব্বর আবু তাহেরের বিচার চেয়ে আমি মুরাদনগর থানায় মামলা করেছি। 

আরও পড়ুন

×