শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
তেঁতুলিয়ায় কনকনে শীতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০০:১৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০০:২২
তেঁতুলিয়ায় বৃহস্পতিবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। তবে শুক্রবার সকালেও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা (৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস) ছিল তেঁতুলিয়ায়।
শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পঞ্চগড়ে সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গোটা এলাকা। ঘনকুয়াশা ও তীব্র শীতে রাস্তায় বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। কিন্তু কনকনে ঠান্ডার মধ্যে কাজ করতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দৈনন্দিন আয় কমে গেছে রিকশা ও ভ্যান চালকদের।
জেলা শহরের রামের ডাংগা মহল্লার কুলি মতলেব বলেন, পেটের তাগিদে সকালে বের হতে হয়। কিন্তু ঠান্ডার কারণে পণ্য উঠানামা করা যাচ্ছে না। হাত-পায়ে বরফের মতো ঠান্ডা লাগে। আমাদের আয় অর্ধেকের নিচে নেমে গেছে। পরিবার নিয়ে কষ্টে দিন পার করছি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, এখানে শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা (৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস) ছিল তেঁতুলিয়ায়।
- বিষয় :
- সর্বনিম্ন তাপমাত্রা
- তেঁতুলিয়া
