ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা-অগ্নিসংযোগ

নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা-অগ্নিসংযোগ
×

হাসপাতাল চত্ত্বরে আসবাবপত্রে অগুন দেয় দুর্বৃত্তরা- সমকাল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০১:১৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০২:১৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ হাসপাতালে হামলা চালিয়ে ডাক্তার, নার্স ও নিরাপত্তা প্রহরীকে মারধর করা হয়।

হামলার প্রতিবাদ করায় নিরাপত্তা প্রহরী সায়েদ মোল্লাকে পিটিয়ে জখম করে পালিয়ে যাওয়ার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাবপত্রে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় এরইমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার সদর ইউনিয়নের নিরানন্দ দাসের ছেলে সমীর দাস ও উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মতিলাল দাসের ছেলে টিটু দাস।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থতার কারণে বৃহস্পতিবার রাত ১১টার দিকে টিটু দাসের মা লক্ষী রানী দাসকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর ওয়াশ রুমে গিয়ে পড়ে যান লক্ষী। এই ঘটনাকে কেন্দ্র করে নার্সদের ডিউটি রুমে গিয়ে নার্স কুহিনুর আক্তারকে গালমন্দ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন টিটু দাস।

এক পর্যায়ে আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম এগিয়ে আসলে তাকেও লাঞ্ছিত করা হয়। পরে ওই হাসপাতালের নিরাপত্তা প্রহরী ডাক্তার ও নার্সকে লাঞ্ছিত করার কারণ জানতে চাইলে তাকে পিটিয়ে জখম করেন টিটু ও তার সহযোগীরা। পালিয়ে যাওয়ার সময় হাসপাতাল চত্ত্বরে রাখা আসবাবপত্রে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নেভানো হয়। আশংকাজনক অবস্থায় ওই রাতেই নিরাপত্তা প্রহরী সায়েদ মোল্লাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অভিজ্যিৎ রায় বলেন, আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। মদ্যপ অবস্থায় হাসপাতালের ভেতর ডাক্তার, নার্স ও নিরাপত্তা প্রহরীকে মারধর করা হয়েছে। হাসপাতালে আগুনও লাগানো হয়। যদি সঠিক বিচার না পাই তাহলে আমরা কর্মবিরতিতে যাব।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান বলেন, হাসপাতালের এক কর্মচারীকে মারধর, ডাক্তার ও নার্সকে লাঞ্ছিত করাসহ স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন দেওয়ার কথা শুনেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×