ভাণ্ডারিয়ায় আইনজীবীর সহকারীকে পিটিয়ে হত্যা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪৭
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. আল-আমীন খান (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
নিহত আল-আমীন খান উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামের মান্নান খানের ছেলে। তিনি ঢাকায় আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, একই গ্রামের জসিম খান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিলো আল-আমীনদের। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। কিন্তু প্রতিপক্ষ ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে নিহতের বাবা ও মেজভাই রিয়াজ খান ওই দিন এ নিয়ে থানায় অভিযোগ দেন। এ ঘটনার জের জের ধরে বৃহস্পতিবার বিকেলে জসিম খান আল-আমীন খান ও তার বাবাকে বাড়িতে ডেকে নিয়ে হুমকি-ধমকি দেন। আল-আমীন এর প্রতিবাদ করলে জসিম খানের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
- বিষয় :
- পিরোজপুর
- পিটিয়ে হত্যা
