ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কৃষকদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ধান কেনা হচ্ছে: খাদ্যমন্ত্রী

কৃষকদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ধান কেনা হচ্ছে: খাদ্যমন্ত্রী
×

অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার- সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:১০

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমন ধান সংগ্রহ অভিযানে এবার দেশের ১৬ উপজেলায় পাইলট স্কিমের আওতায় কৃষক অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছে থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী খাদ্য সংগ্রহ কমিটির তত্ত্বাবধানে কৃষকদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ধান কেনা হচ্ছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

শুক্রবার সকালে নওগাঁ সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০২০ মওসুমে আমন ধান-চাল সংগ্রহ এবং ডিজিটাল খাদ্যশষ্য ব্যবস্থপনার আওতায় কৃষক অ্যাপের মাধ্যমে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, 'আমাদের ইচ্ছা আছে সারাদেশে লটারি না করে আস্তে আস্তে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করার। আগামী বোরো মওসুমে অ্যাপের মাধ্যমে ধান কেনা বাড়ানো হবে এবং সামনে আমন মওসুম আসতে আসতে শতভাগ অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ১ নভেম্বরে থেকে সারাদেশে ধান কেনা শুরু হয়েছে। কিন্ত আ্যাপের নিবন্ধনের কারণে একটু দেরি হয়েছে প্রথম বছর বলে। আগামী বছরে সঠিক সময়ে ধান সংগ্রহ শেষ করা হবে।

নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, নওগাঁ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হাসান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও চালকল মালিক গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি মওসুমে নওগাঁ সদর খাদ্য গুদামে ৩৬ টাকা কেজি দরে ৬ হাজার ১৫৮ মেট্রিক টন চাল, ৩৫ টাকা কেজি দরে ৮৬৬ মেট্রিক টন আতপ চাল এবং কৃষক অ্যাপের মাধ্যমে ২৬ টাকা কেজি দরে ১ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।

এ ছাড়া চলতি বছরে নওগাঁ জেলার ১৯টি খাদ্য গুদামে ৩৬ টাকা কেজি দরে ১৭ হাজার ১১৪ মেট্রিক টন চাল, ৩৫ টাকা কেজি দরে ২ হাজার ৩৮১ মেট্রিক টন আতপ চাল ও ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছে থেকে ১৯ হাজার ৯১২ মেট্রিক টন ধান কেনা হবে।

আরও পড়ুন

×