মক্কা সামরিক জোটে বাংলাদেশকে যুক্ত করার বিরোধিতা সিপিবির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:০১
বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করতে সরকারের অভিপ্রায় ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আমন্ত্রিত হওয়ার আগেই সরকারের মন্ত্রীরা স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে বিচ্যুত হয়ে এই সামরিক জোটে যুক্ত হওয়ার উদগ্র বাসনা প্রকাশ করেছেন। এটি দেশকে বহুমুখী বিপদের ঝুঁকিতে ফেলবে।
বৃহস্পতিবার সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এসব কথা বলেন। তারা বলেন, বিএনপি সরকারের একাধিক পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চরম ডানপন্থি ও ধর্মাশ্রয়ী অবস্থান থেকে ক্রমাগত ‘মক্কা প্যাক্টকে’ মুসলিম দেশগুলোর জোট হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ ওআইসিভুক্ত ৫৬টি দেশের মধ্যে শুধু সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সামরিক লক্ষ্য ইরানসহ মধ্যপ্রাচ্যের বহু মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের বিরুদ্ধে। যা মার্কিন ও ইসরায়েলি স্বার্থের পক্ষে পরিচালিত হয়ে থাকে।
নেতারা বলেন, মক্কা প্যাক্টে যুক্ত হলে সেটা দূরবর্তী অঞ্চলের সংঘাত ও ভূরাজনৈতিক দ্বন্দ্বে জড়িত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা স্বার্থ ঝুঁকিতে ফেলবে। এ ধরনের পদক্ষেপ এ দেশের মানুষও মেনে নেবে না।
বিবৃতিতে অবিলম্বে ‘মক্কা প্যাক্ট’ নামক যুদ্ধ জোটে শামিল হওয়ার অভিপ্রায় এবং মার্কিন সাম্রাজ্যবাদ ও তার বংশবদ ইসরায়েলের তল্পিবাহকের ভূমিকা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এতে বলা হয়, কোনো সামরিক জোটে যোগদানের বদলে স্বাধীন পররাষ্ট্রনীতি শক্তিশালী করাই বাংলাদেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য অধিকতর কার্যকর পথ।
- বিষয় :
- সিপিবি