যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশের ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৫:৪২
বাংলাদেশে সময় ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হাম ও রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। চলমান প্রাদুর্ভাবের মধ্যে গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই জাতীয় ‘ক্যাচ-আপ’ টিকাদান কর্মসূচির লক্ষ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখা। ইউনিসেফের মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’-এর আওতায় যুক্তরাষ্ট্র এই কার্যক্রমে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।
বুধবার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
সম্প্রতি মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স এরিক গিলান রাজধানীর বনানীর কড়াইলে অবস্থিত টিঅ্যান্ডটি মাঠে চলমান এই টিকাদান কার্যক্রম সরাসরি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
এছাড়া এই কার্যক্রমে ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- প্রেস রিলিজ