যুদ্ধাপরাধী সুবহানের মামলা অকার্যকর ঘোষণা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৫৪
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা যুদ্ধাপরাধী আব্দুস সুবহান মারা যাওয়ায় তার আপিল আবেদনটি অকার্যকর ঘোষণা করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এই আদেশ দেন।
পাবনার যুদ্ধাপরাধী জামায়াত নেতা সুবহানের আপিল আবেদনটি মঙ্গলবার শুনানির আদালতে উপস্থাপন করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবদুস সুবহান গত ১৪ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন মানবতাবিরোধী হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুটপাট, অগ্নিসংযোগসহ নয়টি অপরাধের দায়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই জামায়াত নেতাকে মৃত্যুদণ্ডাদেশ (ফাঁসি) দেন। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।
রায়ের পর একই বছর ১৮ মার্চ সুপ্রিমকোর্টে আপিল করেন সুবহানের আইনজীবীরা। মঙ্গলবার মামলাটি আপিল বিভাগে শুনানির জন্য উপস্থাপন করা হয়।
২০১২ সালের
২০ সেপ্টেম্বর একটি ফৌজদারি মামলায় টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত
টোল প্লাজা থেকে সুবহানকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থার সদস্যরা।
- বিষয় :
- যুদ্ধাপরাধ
- আব্দুস সুবাহান
