ঢাকা বারে সভাপতি-সম্পাদকসহ ১০ পদে বিএনপি সমর্থিত প্যানেলের জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০২:০৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০২:১১
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২০-২০২১ সালের কার্যকরী কমিটির সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেল নীল প্যানেলের মো. ইকবাল হোসেন নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের হোসেন আলী খান হাসান। সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ১০টি পদে জয় পেয়েছে নীল প্যানেল। অপরদিকে সহ-সভাপতিসহ ১৩টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেল।
শনিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। ঢাকা বারের ২০২০-২০২১ সালের কার্যকরী কমিটির নির্বাচনে গত বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। প্রতিদিন সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে সাদা প্যানেল ও নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খবর বাসসের
এবার মোট ১৮ হাজার ১৫০ জন আইনজীবী ভোটার ছিলেন। দুই দিনে মোট ৯ হাজার ২৯৯ জন ভোট দেন। শুক্রবার রাত ৯টা থেকে ভোট গণনা শুরু হয়।
নীল প্যানেলের জয়ীরা হলেন- সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান হাসান ও কোষাধ্যক্ষ পদে আব্দুল আল মামুন, অফিস সম্পাদক জয়ী হয়েছেন এইচ এম মাসুম, সদস্য পদে – ইয়াছিন মিয়া, মো. আব্দুল বাসেত রাখী, কাজী আফরোজা সুলতানা (ইভা), আজহার উদ্দিন রিপন, মো. তানভীর হাসান সোহেল ও সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)।
সাদা প্যানেলে বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি মো. ইমাম হোসেন মঞ্জু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক একেএম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও সমাজকল্যাণ সম্পাদক শায়লা পারভিন পিয়া, সদস্য- মো. সাব্বির হোসেন, মো. মেহেদী হাসান মেরিন, এএইচএম শফিকুল ইসলাম সোহাগ, এবিএম ফয়সাল সারোয়ার ও সাইফুল ইসলাম।
