দুই একদিনে মধ্যে ভোট স্থগিতের সিদ্ধান্ত: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৭:২৯
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, এখন পর্যন্ত আসন্ন কয়েকটি নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত হয়নি। করোনাভাইরাস কতখানি প্রভাব ফেলবে, সেটা বিশ্নেষণ করে দেখা হচ্ছে। আরও দুই একদিন দেখে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ (চসিক) পাঁচ আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার নির্বাচন ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপ নির্বাচন হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হবে ২৯ মার্চ। ভোটের মাত্র কয়েকদিন বাকি থাকায় ঢাকার উপনির্বাচন করে ফেলতে চায় নির্বাচন কমিশন। তবে পরিস্থিতি খারাপ হলে ভিন্ন চিন্তাও রাখছেন সিইসি। কে এম নূরুল হুদা বলেন, ২১ মার্চের নির্বাচন করার চিন্তা এখনও আছে। যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অবশ্যই বিবেচনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত চাচ্ছি, নির্বাচনটা হয়ে যাক।
ভোটের প্রচারে সতর্কতার কথা তুলে ধরে সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতি তো শেষের দিকে। প্রার্থীরা বলেছেন, তারা সাবধানে নির্বাচনী প্রচারণা করছেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায়। তাদের অনুরোধও আছে। প্রার্থীদের বলা হয়েছে, তারা যেন জনসমাগমের বিষয়টা এড়িয়ে চলেন। যেন বিকল্পভাবে ভোটারদের কাছে ভোট চান, জনসমাগম না করেন।
২৯ মার্চের চট্টগ্রাম সিটি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এখনও বিবেচনা করা হয়নি। এটা নিয়েও চিন্তা করব। পরিস্থিতি আরেকটু দেখি। আরও দুয়েকদিন দেখে সবগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের নিয়ে নির্বাচন ভবনে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ১০০ বছর আগে বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হত না। আমাদের পরিচিতি থাকত না। সেই মহান ব্যক্তির জন্মশতবার্ষিকী উপলক্ষে সমবেত হতে পারায় গৌরবান্বিত বোধ করছি।
