ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

করোনার মধ্যেও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ হিন্দু মহাজোটের

করোনার মধ্যেও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ হিন্দু মহাজোটের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০৬:৩৫

করোনাভাইরাসের মহাদুর্যোগের মধ্যেও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। নেতারা বলেছেন, করোনা আতঙ্কের মধ্যেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে মহাআতঙ্ক চলছে। গত বছরের ১২ মাসে যতগুলো হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে, চলতি বছরের প্রথম ছয়মাসেই তার চেয়ে অনেক বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে।   

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় স্বর্ণব্যবসায়ী তপন কর্মকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও তার বড় ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানি করে ডোবায় ফেলে রাখাসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন, জমিদখল, হত্যা, হত্যা প্রচেষ্টা এবং দেশত্যাগে বাধ্যকরণসহ নানা ঘটনার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।  

হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, কেন্দ্রীয় নেতা প্রদীপ কুমার পাল, বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, অ্যাডভোকেট চিত্তরঞ্জন কর্মকার, অ্যাডভোকেট সুজয় ভট্টাচার্য, নকুল মন্ডল, অ্যাডভোকেট লাকি বাছার, উৎপল সাহা, নিত্যরঞ্জন দাস, মিলন সাহা, ডিকে সমির, গোপাল পাল প্রমুখ। এ সময় জয়পাড়ার নিহত স্বর্ণব্যবসায়ী তপন কর্মকারের মা ও দুই বোন তাদের ওপর নির্যাতনের বিবরণ তুলে ধরেন। 

নেতারা বলেন, জয়পাড়ায় স্বর্ণব্যবসায়ী তপন কর্মকার হত্যা ও তার বড় ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনায় স্থানীয় রফিক তালুদার ও তার সন্ত্রাসী বাহিনীর জড়িত থাকার বিষয়টি এলাকার সবাই জানে। অথচ এতবড় একটি ন্যাক্কারজনক ঘটনার তিন দিন পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। ফলে এলাকার হিন্দু সম্প্রদায় চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন। অনেকে দেশত্যাগ করার চিন্তা-ভাবনা শুরু করেছেন। 

তারা আরও বলেন, এই অবস্থায় হিন্দু মহাজোট আগামী সাতদিনের মধ্যে সব আসামি গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করে আসামিদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছে। অন্যথায় হিন্দু মহাজোট সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশসহ ব্যাপক গণআন্দোলন গড়ে তুলবে।

আরও পড়ুন

×