ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যৌতুকের মামলায় বাধ্যতামূলক মধ্যস্থতা তুলে দিতে হবে

যৌতুকের মামলায় বাধ্যতামূলক মধ্যস্থতা তুলে দিতে হবে
×

সভায় বক্তারা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৫৯

যৌতুকের দাবিতে জখমের শিকার নারীদের মামলার আগেই বাধ্যতামূলক মধ্যস্থতায় যেতে বাধ্য করা গ্রহণযোগ্য নয়। বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা নারীর ন্যায়বিচারের পথ রুদ্ধ করবে এবং অপরাধীদের উৎসাহিত করবে। তাই দ্রুত এ বিধান বাতিল করতে হবে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ। 

লিখিত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম। 

তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের মাধ্যমে যৌতুক প্রতিরোধে আইন হয়েছিল। সেখানে যৌতুককে দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হয়েছিল। অথচ নতুন সংশোধনীতে যৌতুকজনিত সাধারণ জখমকে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির আওতায় আনা হচ্ছে, যা অপরাধকে হালকা করে দেখা।

মাসুদা রেহানা আরও বলেন, এই বিধান যুক্ত করার মাধ্যমে নারীর ন্যায়বিচারের পথ সংকুচিত হবে। 

কৃষ্ণা দেবনাথ বলেন, যৌতুক নির্যাতনের ঘটনায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা বিচার চাইবার ক্ষেত্রে অসম প্রতিযোগিতা ও বৈষম্য তৈরি করবে। এটি সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। সিডও কনভেনশনের ৩৩ নম্বর ধারা অনুসারে কোনো নারীকে জোর করে আপসে যেতে বাধ্য করা যায় না। অথচ নতুন অধ্যাদেশ সেটির পরিপন্থি।

বিশেষ অতিথির বক্তব্যে আইন বিশ্লেষক ও গবেষক ফউজুল আজিম বলেন, এই অধ্যাদেশ কার্যকর হলে যৌতুকসংক্রান্ত মামলা সরাসরি আদালতে করা যাবে না, ভুক্তভোগীকে প্রথমে আপসে যেতে হবে। বিষয়টি কতটা যৌক্তিক, তা গভীরভাবে বিবেচনা করতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, আইনের প্রণয়নের সঙ্গে সঙ্গে তার বাস্তবায়নের ক্ষেত্রও প্রস্তুত হয়। নারীর মানবাধিকারের ক্ষেত্র ইতোমধ্যে সংকুচিত হয়ে এসেছে। নতুন এই অধ্যাদেশ সেটিকে আরও বাড়াবে। নারী আন্দোলনের কাজ হলো আইনের ক্ষেত্রকে বিস্তৃত করা ও নারীর জন্য আইনকে নারীবান্ধব করে তোলা।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তসলিমা ইয়াসমিন, ব্যারিস্টার এ কে রাশেদুল হক, ব্যারিস্টার অমিত দাশগুপ্ত, ব্র্যাকের মিতালী জাহান; বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী সুরাইয়া জামান প্রমুখ।

আরও পড়ুন

×