ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্কুল ফিডিংয়ে ডিম যুক্ত করার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

দিবস উপলক্ষে বাকৃবিতে বিনামূল্যে ডিম বিতরণ

স্কুল ফিডিংয়ে ডিম যুক্ত করার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ১৯:২৪

স্কুল ফিডিং কর্মসূচিতে দুধের সঙ্গে ডিম যুক্ত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অনেক দরিদ্র শিশু প্রতিদিন প্রয়োজনীয় পুষ্টি পায় না। স্কুলের খাবারে ডিম যুক্ত হলে, তা অপুষ্টি দূরে ভূমিকা রাখবে।

শুক্রবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা। সভা আয়োজন করে প্রাণিসম্পদ অধিদপ্তর, পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াস হোসেন ও অধ্যাপক মাহমুদুল হাসান শিকদার।

ফরিদা আখতার বলেন, ডিম এমন এক খাদ্য, যার সঙ্গে দেশের প্রায় সব শ্রেণির মানুষ যুক্ত। গরুর মাংস অনেকের নাগালের বাইরে হলেও ডিম সাশ্রয়ী খাদ্য এবং সবার জন্য সহজলভ্য।

দেশের ৮০ শতাংশ ডিম প্রান্তিক খামারিদের কাছ থেকে আসে উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ নারীরা দু-একটি মুরগি পালন করে নিজেদের পরিবার ও স্থানীয় পর্যায়ে পুষ্টি সরবরাহে অবদান রাখছেন। কিন্তু কৃষিতে কীটনাশকের ব্যবহার মুরগি পালনে হুমকি তৈরি করছে।

হাওর অঞ্চলের হাঁসের ডিমের যথাযথ প্রচারে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, মৌসুমভেদে ডিমের দাম ওঠানামা হয়। কিন্তু অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে অপ্রয়োজনে দাম বাড়ে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিমের বাজার নিয়মিত পর্যবেক্ষণ ও রিপোর্ট করা হবে।

পুষ্টি বিষয়ে ফরিদা আখতার বলেন, আমাদের কমপ্লিট ফুড নিয়ে কথা বলতে হবে– সেখানে সবজি, মাছ, মাংসের পাশাপাশি ডিমের গুরুত্ব বোঝাতে হবে। ক্যান্সার এখন ঘরে ঘরে। ডিম খেলে ক্যান্সার কমে– বার্তাটি মানুষের কাছে পৌঁছানো দরকার।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাকিলা ফারুক, ওয়াপসা বিবির সাবেক সভাপতি মসিউর রহমান প্রমুখ।

পোলট্রি উদ্যোক্তা ও শিক্ষার্থীদের সংবর্ধনা
ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক জানান, বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ শোভাযাত্রা করে। অনুষদের ডিন অধ্যাপক বাহানুর রহমান বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন। পরে অনুষদের সামনে থেকে শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সেমিনার হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম।

অনুষদ ফটকের কাছে স্টল থেকে শিক্ষার্থী, পথচারী ও শ্রমজীবীদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। তিন এতিমখানা ও দুটি বিদ্যালয়ে আড়াই হাজার ডিম দিয়েছে ভেটেরিনারি অনুষদ।

ডিম দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ ফেরদৌসুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান, মেডিসিন বিভাগের অধ্যাপক মাহবুব আলম, প্যাথলজি বিভাগের অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।

সেমিনারে ডিম উৎপাদন এবং পোলট্রি খামার উন্নয়নে অবদানের জন্য ভি এন এফ এগ্রোর চেয়ারম্যান ডা. মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ, এস এস এগ্রোভেটের কর্ণধার ডা. শাহাদাত হোসেন ও মুক্তাগাছার খামারি আলমগীর কবিরকে পুরস্কার এবং দিবস উপলক্ষে পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ী অনুষদের ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন

×