ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

প্রতারণা ও দুর্নীতির মামলা

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ০৭:৪৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ | ১২:৪১

| প্রিন্ট সংস্করণ

ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক প্রধান (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন চার্জশিটটির অনুমোদন দিয়েছে। তদন্ত কর্মকর্তা শিগগির আদালতে চার্জশিটটি জমা দেবেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। 

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীরকে আসামি করে গত বছরের ১৫ ডিসেম্বর দুদক মামলা করে। বিষয়টি তদন্ত করে বেনজীরের নামে ১১ কোটি চার লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তদন্তকালে বেনজীরের নামে সাত কোটি ৫২ লাখ ৬৮ হাজার টাকার স্থাবর সম্পদ ও আট কোটি ১৫ লাখ ৩১ হাজার টাকার অস্থাবরসহ মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। 

এর মধ্যে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ছয় কোটি ৫৯ লাখ ৪২ হাজার টাকার। যার মধ্যে এক কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ের হিসাব পাওয়া যায়। ব্যয় বাদে তাঁর নামে নিট সঞ্চয় পাওয়া যায় চার কোটি ৬৩ লাখ ৫৬ হাজার টাকার। এই হিসাব অনুযায়ী বেনজীরের নামে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য-প্রমাণ মিলেছে। 

বেনজীর বর্তমানে পলাতক। দুদক তাঁর কাছে সম্পদের হিসাব চাইলে তিনি আইনজীবীর মাধ্যমে কমিশনে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন। দুদক জানায়, তদন্তকালে বেনজীরের নামে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থের প্রমাণ পাওয়া গেছে। দালিলিকভাবে এসব তথ্য সংগ্রহ করতে দেশগুলোতে আনকাক চুক্তি অনুযায়ী মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×