আদানির সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ২০:৫৭
বিদ্যুৎ ক্রয় চুক্তির পাওনা নিয়ে ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরে যে সালিশি কার্যক্রম শুরু করার আবেদন করেছে, তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, বাংলাদেশ সরকার ও আদানি গ্রুপের মধ্যকার এ চুক্তির ন্যায্যতা ও সম্ভাব্য অনিয়ম তদন্তে হাইকোর্টের গঠিত কমিটির প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সালিশি কার্যক্রম স্থগিত থাকবে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বজলুর রহমান ও ঊর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
২০১৭ সালের ৫ নভেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও আদানি লিমিটেডের মধ্যে এই বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি পর্যালোচনা বা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম।
গত বছরের ৬ নভেম্বর পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে তিন দিনের মধ্যে আদানি গ্রুপের সঙ্গে একতরফা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিল করতে আইনি নোটিশ পাঠান এই আইনজীবী। পরে ওই বছরের ১২ নভেম্বর চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট আবেদন করেন।
আবেদনকারী আইনজীবী আব্দুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদন আসার আগেই যদি সিঙ্গাপুরে আদানি তাদের পাওনা নিয়ে সালিশি কার্যক্রম শুরু করে, তাহলে ওই তদন্তের গুরুত্ব থাকবে না। এ কারণে তারা নিষেধাজ্ঞা চেয়েছেন। আদানির সঙ্গে করা চুক্তিতে অনেক অনিয়ম হয়েছে বলেও জানান এই আইনজীবী।
গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ চুক্তি নিয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এতে আদানির সঙ্গে হওয়া চুক্তির বিষয় তদন্ত করে প্রতিবেদন দিতে তিন সদস্যের কমিটি গঠন করে দেন আদালত।
- বিষয় :
- আদানি পাওয়ার
- বিদ্যুৎ
- ভারত
- সিঙ্গাপুর
- হাইকোর্ট
