ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মালদ্বীপে গ্যাসের আগুনে ৫ বাংলাদেশি নিহত

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ

মালদ্বীপে গ্যাসের আগুনে ৫ বাংলাদেশি নিহত
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ০২:৫০

মালদ্বীপের দিঘুরা দ্বীপে গ্যাসের আগুনে পাঁচ বাংলাদেশি নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে শ্রমিক কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের তাজ উদ্দিন ইসলাম সজীব, হবিগঞ্জের সদর আলী, ভোলার চরফ্যাসনের রবিন মোল্লা, নরসিংদীর সফিকুল ইসলাম ও বগুড়ার নূরনবী সরকার। চিকিৎসাধীন দুই বাংলাদেশি হলেন– সুনামগঞ্জের জামাল উদ্দিন ও কুমিল্লার সাদ্দাম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সাহ্‌রি রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে কোয়ার্টারের সাত বাংলাদেশি দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। ওই কোয়ার্টারে থাকা ৩৮ বাংলাদেশির মধ্যে অন্যরা ঘটনার সময় অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর সোহেল পারভেজ জানান, আহত দুজনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অন্যজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে খোঁজখবর নিতে বর্তমানে হাইকমিশনের একটি প্রতিনিধি দল ওই দ্বীপে অবস্থান করছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ। দিঘুরা দ্বীপ কাউন্সিলের প্রেসিডেন্ট ইব্রাহিম উসমান বলেছেন, আগুন লাগার সময় কিছু বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, রান্নার সময় গ্যাস ছিদ্র হওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে।

শুক্রবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সজীবের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি ঘরে কোলে চার মাস বয়সী কন্যাসন্তান নিয়ে নির্বাক বসে আছেন স্ত্রী অনন্তি বেগম। স্বামীর মৃত্যুর খবর শুনে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। স্বজনরা কান্না করছেন।

নিহত সজীব চন্দ্রগঞ্জ থানার কাচারিবাড়ি এলাকার বাসিন্দা। তিনি আবুল কাশেমের ছেলে। ছয় মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন। পরিবার জানায়, বিদেশ যেতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল। জমি বন্ধক রেখে সেই টাকা জোগাড় করেছিল পরিবার। বিদেশে গিয়ে তিন মাসে প্রায় এক লাখ ২০ হাজার টাকা বাড়িতে পাঠিয়েছিলেন সজীব।

নিহত রবিন মোল্লা ভোলার চরফ্যাসন উপজেলার খোদেজা বাগের মো. সিরাজ মোল্লার ছেলে। প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে মালদ্বীপে যান রবিন।

নিহত নূরুন্নবী সরকার (২৬) বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে। পরিবার জানায়, সাত বছর আগে তিনি মালদ্বীপ যান। ঈদের ছুটিতে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। পরিবার তাঁর জন্য পাত্রী দেখছিল।

(প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা)

আরও পড়ুন

×