এনটিআরসিএর অধীনে কাল শিক্ষক নিয়োগ পরীক্ষা
হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৮:৫৮
| প্রিন্ট সংস্করণ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে আগামীকাল পরীক্ষা হতে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নিয়োগ পরীক্ষা স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রিটের পক্ষের আইনজীবী হুমায়ুন কবির বুলবুল বলেন, দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ স্থগিতাদেশ দেন। আগামীকাল রাজধানীর ৯টি নির্ধারিত ভেন্যুতে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এনটিআরসিএ কার্যালয়ে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। গতকাল এনটিআরসিএর সচিব (উপসচিব) এ এম এম রিজওয়ানুল হক স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের জন্য এই বিশেষ পরীক্ষা নেওয়া হবে।
গত ২৯ জানুয়ারি ইস্যুকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়।
এ ক্ষেত্রে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু আবেদনপত্র দাখিল করার ১৯ দিন পরে স্কুল ও কলেজ এবং ২৫ দিন পরে ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, টেকনোলজি ও ডিপ্লোমা এবং মাদ্রাসা শিক্ষা-সংক্রান্ত জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিবর্তন আনা হয়। পরিবর্তিত নীতিমালা অনুসারে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের সব পদে শিক্ষকদের ১৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।
- বিষয় :
- এনটিআরসিএ
