প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ২১:২৫
শারীরিক প্রতিবন্ধী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা ট্রেন এবং মেট্রোরেল ভ্রমণে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। রোববার এই সংক্রান্ত দুটি পৃথক পরিপত্র জারি করেছে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাড়ক বিভাগ।
রেল মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, ২৫ মে সোমবার থেকে এ সুবিধা কার্যকর হবে। সুবিধা পেতে অবশ্যই যাত্রীর বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ৬৫ বছর বা এর বেশি হতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্র থাকতে হবে। অনলাইন ও কাউন্টার উভয় জায়গা থেকে টিকিট ক্রয়ে সপ্তাহে দুইবার এই সুবিধা থাকবে।
রেলের পরিপত্রে বলা হয়েছে, আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এ শ্রেণি নেই, সেসব ট্রেনে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে। শীতাপত নিয়ন্ত্রিত শ্রেণীতে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়া হবে। তবে এই ছাড় দেওয়া হবে শুধু মূল ভাড়ায়। সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য ফি আগের হারেই আদায় করা হবে। একটি ফোন নম্বর থেকে ক্রয় করা টিকিটে একাধিক যাত্রী যদি ৬৫ বছরের বেশি বয়সী হন, তবে উভয়ে এ সুবিধা পাবেন।
একই সুবিধা মেট্রোরেলে চালুর পরিপত্রে বলা হয়েছে, ২৫ মে থেকে কার্যকর হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিজ্ঞপ্তিতে জানিয়েছে সোমবার ফার্মগেট মেট্রোরেল স্টেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সেবার উদ্বোধন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক জাতীয় পরিচয়পত্র দিয়ে বয়স যাচাই করে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন। তবে রেলের মত সাপ্তাহিক সীমা থাকছে না। যতবার ভ্রমণ করবেন ততবারই এই সুবিধা দেওয়া হবে। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন 'সুবর্ণ' পরিচয়পত্র দেখিয়ে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
