প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ১১:২৪ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ১২:১৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরদিন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনেরও কর্মসূচি ছিল তার।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফরের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির অগ্রাধিকার সম্পর্কে মার্কিন প্রশাসনের কাছে একটি পরিষ্কার ধারণা পাওয়া।
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এবং বর্তমান সরকারের অধীনে সেই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরের মাধ্যমে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা উভয় দেশের।
এ বছরের জানুয়ারিতে সার্জিও গোর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপালসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।
এর আগে নেপাল ও শ্রীলঙ্কা সফর করেন গর।
- বিষয় :
- তারেক রহমান
- যুক্তরাষ্ট্র
- সৌজন্য সাক্ষাৎ