ঢাকায় সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:০৭
| প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঢাকা মহানগরীতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। একই সঙ্গে পরিকল্পিত ও টেকসই নগরায়ণে সমন্বিত ইউটিলিটি, ভূগর্ভস্থ কেবল ও নতুন বাণিজ্যিক ভবনে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ওয়াশরুম ও নামাজের স্থান নিশ্চিতকরণ এবং ঢাকার লেক সংরক্ষণের পরামর্শ দিয়েছে কমিটি।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হিসেবে হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু ও আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যক্রম, চলমান আবাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য প্লট দ্রুত নিশ্চিত করার সুপারিশ করে কমিটি।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অনুসরণের পরামর্শ
একই দিন সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, জসীম উদ্দীন আহমেদ, সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, কামরুল হাসান এবং আবু তালিব অংশ নেন।
অনিয়ম-দুর্নীতি ঠেকাতে সতর্কতার সঙ্গে কাজ করার সুপারিশ
সংসদ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও ব্যত্যয় যেন না ঘটে, সে জন্য কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশ নেন।
বৈঠকে প্রবাসী কর্মীরা বিমানবন্দরে কোনো অবহেলা বা হয়রানির শিকার যেন না হন, সে বিষয়ে নজর রাখতে সুপারিশ করা হয়।
প্রান্তিক নারীর ক্ষমতায়নে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
সংসদ ভবনে গতকাল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রান্তিক নারীর ক্ষমতায়নে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, আন্না মিনজ, মাধবী মার্মা, ফাহিমা নাসরিন, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং নুসরাত তাবাসসুম জ্যোতি এমপি অংশগ্রহণ করেন।
- বিষয় :
- সৌরবিদ্যুৎ