ফের শুরু হচ্ছে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচল
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১ | ০৯:২১
সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী বুধবার থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা-সৌদি রুটে নিয়মিত বিমানের ফ্লাইট। রোববার এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
রোববার বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বছরের শুরুতেই সৌদি সরকার এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে বাতিলকৃত ফ্লাইট সমূহের যাত্রীদের বিমানের ওয়েবসাইটে দেওয়া শিডিউল অনুযায়ী নিকটস্থ বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্ধ করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার জানান, রোববার সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রতাহার করেছে। এ কারণে আগামী বুধবার থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা-সৌদি আরবের মধ্যে বিমানের নিয়মিত ফ্লাইট।
প্রসঙ্গত, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পর গত মাসে সৌদিতে প্রবেশে এ নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। প্রায় দুই সপ্তাহ পর নতুন বছরের শুরুতেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল তারা।
- বিষয় :
- সৌদি আরব
- সৌদি সরকার
- বিমানের ফ্লাইট
