ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নুরদের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা

নুরদের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা
×

হামলার পর আহত নুর-ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০০:১০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সোমবার মধ্যরাতে শাহবাগ থানায় মামলাটি করে পুলিশ।

মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে মামলার আসামি করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুতর জখম ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে মামলায়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, তারা আহতদের সঙ্গে যোগাযোগ করে মামলা দায়ের করতে বলেছিলেন। কিন্তু রাত ১২টা পর্যন্ত কেউ মামলা করেননি। এ জন্য পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। রোববারের ঘটনায় আহত কেউ পরে মামলা করলে সেটি পুলিশের দায়ের করা এজাহারের সঙ্গে যুক্ত করা হবে।

ওসি বলেন, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও নাম দেখে মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত রোববার দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের অফিসে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২৪ জন আহত হয়। 

আরও পড়ুন

×