ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মৎস্য প্রক্রিয়াকরণে সব ধরনের সহায়তা দেওয়া হবে: শ মে রেজাউল করিম

মৎস্য প্রক্রিয়াকরণে সব ধরনের সহায়তা দেওয়া হবে: শ মে রেজাউল করিম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৩৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৩৯

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ মে রেজাউল করিম বলেছেন, মৎস্য প্রক্রিয়াকরণে মৎস্যজীবীদের রাষ্ট্র সব ধরনের সহায়তা করবে। বিদেশ থেকে মেশিনারি আমদানি করে বা স্থানীয়ভাবে ছোট ছোট মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প কেউ স্থাপনে করতে চাইলে কর অব্যাহতিসহ অন্য সুবিধাদি দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার সকালে কক্সবাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন স্থানে বিএফডিসি কর্তৃক বাস্তবায়নাধীন কক্সবাজার জেলায় শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্পের অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করছেন। মৎস্যজীবী থেকে শুরু করে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত সব মানুষ যাতে রাষ্ট্রের সমান সুযোগ-সুবিধা পায়, যারা বিভিন্ন পেশায় আছেন তারা যাতে ভালোভাবে থাকতে পারেন, সে জন্য তিনি কাজ করে যাচ্ছেন।

বিএফডিসির চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×