ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষা সংবাদ

খুদে বিজ্ঞানীদের মিলনমেলা

খুদে বিজ্ঞানীদের মিলনমেলা
×

খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবন সবার নজর কেড়েছে

মাহনুর ইসলাম লিজা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ১০:১৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ১০:১৩

খুদে বিজ্ঞানীদের পদচারণায় মেতে উঠেছিল মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। বিজ্ঞানের অগ্রযাত্রায় নিজেদের শামিল করে বড় সম্ভাবনার কথা জানিয়ে দিল স্কুলের এই খুদে বিজ্ঞানীরা। গতকাল রোববার শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ঐতিহ্য বজায় রেখে এবারও বালক ও বালিকা শাখায় এই উদ্ভাবনী উৎসবের আয়োজন করা হয়েছে পৃথকভাবে।

আজ সোমবার প্রজেক্টগুলোর চূড়ান্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ঘোষণার অপেক্ষায় থাকবে বহুল আকাঙ্ক্ষিত ফলাফল। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্কুলের সজ্জিত মিলনায়তন ছিল খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবনী আয়োজনে। মেলার উদ্বোধন করেন স্কুলের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ম. তামিম।

তিনি প্রতিটি স্টল ঘুরে দেখেন, কোমলমতি উদ্ভাবকদের প্রজেক্টের  ব্যাখ্যা শোনেন এবং তাদের অনুপ্রেরণা জোগান। প্রতি সারিতে চারজন করে খুদে বিজ্ঞানী তাদের উদ্ভাবনীগুলো সবার সামনে তুলে ধরে। শিক্ষার্থীদের চোখেমুখে ছিল এক অদম্য উৎসাহের ঝলক; নিজ নিজ প্রকল্প নিয়ে তারা মেতে ছিল অপার আনন্দে। এই মেধাবী প্রজন্মই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে নেতৃত্ব দেবে। গত বছরের সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা যেন এবারও প্রথম স্থান অধিকারের দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ।

বিপুলসংখ্যক কৌতূহলী দর্শনার্থী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন, খুদে বিজ্ঞানীদের সৃষ্টিশীলতার প্রশংসা করেন। মেলায় নজরকাড়া কয়েকটি বিশেষ উদ্ভাবন ছিল  আয়ানের ‘আগ্নেয়গিরি’। এই প্রজেক্টে আহমেদ খান আয়ান ও তার সঙ্গীদের হাতে তৈরি ‘আগ্নেয়গিরি’ মডেলটি ছিল এক বিশেষ আকর্ষণ। যেখানে আগ্নেয়গিরির গঠন প্রক্রিয়া ও পরিবেশগত প্রভাবের বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়।
সৌম্যর ‘ভূমিকম্প-সংকেত যন্ত্র’টি এক ঘণ্টা আগেই ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা রাখে, যা ছিল বাস্তবিক অর্থেই প্রশংসার দাবিদার।

এ ছাড়া পরিবেশবান্ধব সমাজ গড়ার ভাবনায় বর্জ্য পদার্থ থেকে তেল, গ্যাস ও পানি উৎপাদনের প্রক্রিয়া, স্বয়ংক্রিয় কৃষি রোবট এবং জল, স্থল ও শূন্যে চলাচলকারী খেলনা গাড়ির মতো ব্যতিক্রমী প্রকল্পগুলো দর্শকদের মন জয় করে নেয়।

মেলার দিন স্কুল ভবন ও প্রাঙ্গণকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়, যা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ বিশ শতকের ঢাকা মোহাম্মদপুরে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী ও বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান। বালক ও বালিকা শিক্ষার্থীদের জন্য আলাদা ক্যাম্পাস সংবলিত এই বিদ্যাপীঠে বর্তমানে প্রায় ছয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

আরও পড়ুন

×