ইডেন মহিলা কলেজ
রঙে রঙিন বিদায়বেলা
আশা মনি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১২:৫২
চারটি বছরের দীর্ঘ পথচলা। যার ছত্রে ছত্রে জড়িয়ে ছিল শেকসপিয়র, মিল্টন আর ওয়ার্ডসওয়ার্থের সাহিত্যের অনন্য বিচরণ। আবার ক্যাম্পাসজুড়ে যে কোনো অন্যায়, আন্দোলন, প্রতিবাদ কিংবা মিছিলে এরাই ছিলেন সম্মুখসারির অগ্নিকন্যা। বলছিলাম ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কথা। অবশেষে গত ৫ অক্টোবর একঝাঁক নীলরঙা কন্যার মিলনমেলায় সম্পন্ন হলো তাদের বহুল প্রতীক্ষিত বিদায় সংবর্ধনা বা ‘ফেয়ারওয়েল’। শিক্ষাজীবনের সমাপ্তিলগ্নে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আয়োজিত এ দিনটি ঘিরে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর আবেগের নানা আয়োজন। পুরো অনুষ্ঠানের মূল আবহ রাখা হয়েছিল নীল ও সাদার মিশেলে। সেদিন প্রতিটি শিক্ষার্থীই নীল-সাদা শাড়িতে সেজে এসেছিলেন; মনে হচ্ছিল যেন পুরো বিভাগজুড়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে একঝাঁক নীল প্রজাপতি!
অনুষ্ঠানের শুরুতেই ছিল ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ। যেহেতু দিনটি ছিল ‘বিশ্ব শিক্ষক দিবস’, তাই অনুষ্ঠানের সূচনাতেই প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বিদায়ী বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষকদের পক্ষ থেকেও ছাত্রীদের ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় অনুপ্রেরণাদায়ী দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক ভালোবাসার প্রকাশে পরিবেশজুড়ে তখন খানিকটা আষাঢ়ের মেঘ জমেছিল; শিক্ষার্থীদের চোখের কোণে দেখা মেলে অশ্রুবিন্দুর, যা স্পষ্ট করে দেয় বিভাগের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।
তবে সেই থমথমে আবেগ বেশিক্ষণ স্থায়ী হয়নি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত নাচ, গান আর নাট্যাভিনয়ের মধ্য দিয়ে নিমেষেই পরিবেশটি রঙিন ও প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে বিদায়ী কেক কাটেন। মধ্যাহ্নভোজ শেষ করে শিক্ষকদের সঙ্গে আনন্দঘন আড্ডা আর স্মৃতি বিনিময় শেষে শিক্ষার্থীরা চলে আসেন ক্যাম্পাসের খোলা মাঠে। বন্ধুদের সঙ্গে শেষবারের মতো বাঁধভাঙা আড্ডা, দলীয় নৃত্য এবং ক্যামেরার ফ্রেমে নিজেদের বন্দি করে অবিস্মরণীয় সব মুহূর্ত তৈরি করাই ছিল তাদের মূল লক্ষ্য। বিদায়ের এই শুভলগ্নে আনন্দ ও বিষাদ যেন একসূত্রে গাথা হয়েছিল। বারবার মনে পড়ছিল সেই প্রথম দিনের কথা– যেদিন সম্পূর্ণ অচেনা কিছু মানুষের সঙ্গে পথচলা শুরু হয়েছিল। আর সময়ের আবর্তে আজ সবাই যেন একটি পরিবারের মতো একাত্ম হয়ে গেছে। কেউই চাইছিল না চিরচেনা এই আঙিনা ছেড়ে যেতে, তবুও জীবনের অমোঘ নিয়মে নতুন স্বপ্নের পেছনে ছুটতেই হবে। সেই ভাবনাকে বুকে ধারণ করে বিদায়ের বেদনা ভুলে হাস্যোজ্জ্বল মুখে সবাই মিলে এক সুন্দর ও স্মরণীয় দিনের ইতি টানলেন ইডেনের ইংরেজি বিভাগের এ অগ্নিকন্যারা।
- বিষয় :
- ইডেন মহিলা কলেজ