ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বাসায় স্ত্রীর লাশ রেখে হাসপাতালে গেলেন স্বামী

বাসায় স্ত্রীর লাশ রেখে হাসপাতালে গেলেন স্বামী
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৯

কীভাবে হাত কেটেছে চিকিৎসকরা প্রশ্ন করতেই রাজধানীর মতিঝিলের ব্যবসায়ী গোপাল চন্দ্র কুরি অসংলগ্ন কথা বলছিলেন। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পুলিশ ডাকলে তিনি কাঁপতে কাঁপতে বলেন, ‘বাসার খাটে আমার স্ত্রীর লাশ পড়ে আছে।’

পুলিশ দ্রুত মতিঝিলের আরামবাগের ফ্ল্যাটে গিয়ে স্ত্রী ছবি কুরির (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করে। পরে গোপালকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে।

গোপাল চন্দ্র রক্তাক্ত অবস্থায় হাসপাতালে না গেলে কেউ হয়তো জানতেই পারতেন না ফ্ল্যাটে স্ত্রী ছবি কুরির রক্তাক্ত লাশ রেখে তিনি নিজের চিকিৎসা করাতে এসেছেন। তার আঙুলে কাটা আঘাত রয়েছে। ৭৮ বছর বয়সী ওই ব্যক্তি মতিঝিলে কেমিক্যালের ব্যবসা করেন।

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, গোপাল চন্দ্র নিজেই ছুরি দিয়ে তার স্ত্রীকে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করেছেন। তবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও খুনের কথা স্বীকার করছেন না। তিনি অসংলগ্ন কথা বলছেন।

মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, ১৮২/এ নম্বর আরামবাগের ছয়তলা ভবনের চতুর্থতলায় নিজেদের ফ্ল্যাটে থাকতেন। এই দম্পতির তিন মেয়ের মধ্যে দুই মেয়ে ভারতে ও এক মেয়ে কানাডায় থাকেন। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে খবর পেয়ে ওই ফ্ল্যাটে গিয়ে ছবি কুরির লাশ খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার গলা কাটা ছিল এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাসা থেকে একটি রক্তাক্ত ছুরি এবং রক্তমাখা লুঙ্গি ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে।

থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম সমকালকে বলেন, তারা স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন নিহত ছবি কুরি ১৬ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। চলাফেরা করতে না পারায় বাসাতেই থাকতেন। একবার ব্রেইনস্ট্রোকও করেছিলেন। পাশাপাশি গোপাল চন্দ্রও অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বছরখানেক ধরে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, গোপাল চন্দ্র তার স্ত্রীকে গলা কাটার সময় তার নিজের হাতের আঙুলও কেটে ফেলেন বলে ধারণা করা হচ্ছে। এরপর চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে যান। তখনই বিষয়টি জানাজানি হয়। অবশ্য তিনি হত্যার কথা স্বীকার না করা পর্যন্ত পুলিশ সব বিষয় মাথায় রেখেই তদন্ত চালাচ্ছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোপাল চন্দ্রকেও।

আরও পড়ুন

×