শান্তিনগরে গলিতে তরুণীর লাশ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৯
রাজধানীর শান্তিনগর এলাকার একটি গলি থেকে সোনিয়া আক্তার আফরিন (২৩) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্বজনেরা গলি থেকে তার নিথর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনিয়ার এক স্বজন জানিয়েছেন, সোনিয়া পুরান ঢাকার হাজারীবাগে তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন। ৬ বছর আগে ওই এলাকার এক তরুণের সঙ্গে তার বিয়ে হলেও দুই বছর আগে সংসার ভেঙে যায়। পাঁচ বছরের এক মেয়ে সন্তান রয়েছে তার। সোনিয়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীর কাজ করতেন। সর্বশেষ বাণিজ্য মেলায় একটি দোকানে কাজ করেছেন।
সোনিয়া মা ইয়াসমিন আক্তার জানান, তার মেয়ে শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তবে প্রতিদিনই তার সঙ্গে ফোনে কথা হতো। রোববার রাতেও কথা হয়েছে। মাঝেমধ্যে সোনিয়া তার এক বান্ধবীর বাসায় থাকতেন। সোমবার ভোরে অপরিচিত নম্বর থেকে ফোন করে একজন জানান, সোনিয়া শান্তিনগর পীর সাহেবের গলিতে পড়ে আছে। এরপর তারা সেখানে গিয়ে মেয়েকে অচেতন অবস্থায় পান।
পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ওই তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যার আলামতও মেলেনি। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে মেয়েটি মাদকাসক্ত ছিল। সব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- শান্তিনগর
