দুর্বৃত্তের টানে ব্যাগের সঙ্গে ছিনতাই নারীর প্রাণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০০:০৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:১১
রাজধানীর মুগদায় ছিনতাইকারীর কবলে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। শনিবার ভোর পৌনে ৬টার দিকে মুগদা স্টেডিয়ামের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারে থাকা ছিনতাইকারী রিকশায় থাকা লিপির ব্যাগ ধরে টান দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বামী সন্তান নিয়ে লিপি সিলেটে থাকতেন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি সপরিবারে দক্ষিণ রাজারবাগ এলাকার এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। শনিবার ভোরে সিলেট যাওয়ার জন্য রিকশায় কমলাপুর রেল স্টেশনে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন তিনি।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানিয়েছেন, রিকশায় লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি (১৫) ছিল। অন্য রিকশায় স্বামী গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬) ছিল।
তিনি বলেন, রিকশা মুগদা স্টেডিয়াম এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে ব্যাগসহ রিকশা থেকে ছিটকে পড়ে মাথা ফেটে যায় লিপির। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের অদূরেই পুলিশের টহল গাড়ি ছিল। ঘটনার পর পুলিশ আসে।
চিকিৎসককে উদ্ধৃত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে লিপির মৃত্যু হয়েছে।
- বিষয় :
- রিকশা থেকে পড়ে মৃত্যু
- ছিনতাই
