করোনা প্রতিরোধে ডিএনসিসির ২৫ স্থানে হাত ধোয়া কর্মসূচি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৬:৩৪
করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীর ২৫টি স্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পথচারীদের জন্য হাত ধোয়ার কর্মসূচি গ্রহণ করেছে। ডিএনসিসির নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম এবং প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা মঙ্গলবার গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন।
স্থানগুলো হচ্ছে- উত্তরায় রবীন্দ্র সরণি (বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ), রাজলক্ষী মার্কেটের সামনে, মাসকট প্লাজার সামনে, খিলক্ষেত বাস স্ট্যান্ড, বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে, মিরপুরে সনি সিনেমা হলের সামনে, গ্রামীণ ব্যাংকের বিপরীত দিকে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয়ের সামনে, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ফায়ার সার্ভিসের সামনে, মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ড, মিরপুর ১৪ নম্বর মার্ক মেডিক্যলের সামনে, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শাহ আলী মার্কেটের কোনায়, মিরপুর শপিং মলের নিচে (মিরপুর সরকারি কলেজের বিপরীতে), মিরপুর ১ নম্বর কো-অপারেটিভ মার্কেটের সামনে, গাবতলী পশু হাট, শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ড, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, মোহাম্মপুর টাউন হলের সামনে, মোহাম্মপুর বসিলা রোডের নতুন রাস্তার কালভার্টের উপর, কারওয়ান বাজার (কিচেন মার্কেটের সামনে), আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে, গুলশান-২ ডিএনসিসি মার্কেটের সামনে, গুলশানে পুলিশ প্লাজার সামনে, কাকলী বাস স্ট্যান্ড, মহাখালী ডিএনসিসি আঞ্চলিক অফিসের সামনে এবং রামপুরা বাজার। পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য জনসমাগমস্থলেও হাত ধোয়ার এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
কর্মসূচির উদ্বোধনকালে আতিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া। মূলত পথচারীদের সচেতন করে তুলতেই হাত ধোয়ার এ কর্মসূচি নেওয়া হয়েছে। পথচারী ও বাসযাত্রীরা এ সব স্থানে হাত ধুতে পারবেন। এজন্য সাবান ও পানি ডিএনসিসি থেকে সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজন হলে মহাখালীতে ডিএনসিসির নতুন মার্কেটটি ব্যবহার করা যেতে পারে। হাত ধোয়া কর্মসূচি উদ্বোধনের পরে বর্জ্য পরিবহনের জন্য ডিএনসিসি কর্তৃক নতুন কেনা ২০টি ট্রাকের চাবি ড্রাইভারদেরকে হস্তান্তর করা হয়। এ সকল ট্রাক ২০টি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহে ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মঞ্জুর আহমেদ প্রমুখ।
- বিষয় :
- ঢাকা উত্তর সিটি করপোরেশন
- ডিএনসিসি
- হাত ধোয়া
