বঙ্গবন্ধুর জন্মদিনে সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৬:৫৫ | আপডেট: ১৭ মার্চ ২০২০ | ০৯:২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।
জন্মদিন উপলক্ষে প্রেস ক্লাব চত্ত্বরও বর্ণিল আলোয় সাজানো হয়েছে। এ ছাড়া বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা সাব এডিটরস কাউন্সিলসহ কয়েকটি সাংবাদিক সংগঠনও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। পাশাপাশি বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে বিএফইউজে ও ডিইউজে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ, ওমর ফারুক, আজিজুল ইসলাম ভুঁইয়া, শাহেদ চৌধুরী, কল্যান সাহা, রফিকুল ইসলাম রতন প্রমুখ। পরে বিএফইউজে ও ডিইউজের যৌথভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিএফইউজে-ডিইউজে কার্যালয়ে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ সেলিম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি তরুন তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মইনুল আলম, বিএফইউজের যুগ্ন মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের যুগ্ন সম্পাদক খায়রুল আলম প্রমুখ। সভা সঞ্চালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
প্রধান অতিথির বক্তৃতায় মনজুরুল আহসান বুলবুল বলেন, বঙ্গবন্ধু চিরঞ্জীব।
পচাত্তরে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা এ দেশ থেকে তাকে বিলীন
করতে চেয়েছিল, কিন্ত তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। কারণ পৃথিবীর ১২৩টি দেশে
এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী একযোগে উপযাপন হচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম আছে
মৃত্যু নেই। তার আর্দশ ও কর্ম আমাদের সাবইকে ধারণ করতে হবে। তবেই হাজার
বছর ধরে এ দেশে বঙ্গবন্ধু তার আর্দশ বিস্তৃতির মাধ্যমে চিরঞ্জীব হয়ে
থাকবেন।
- বিষয় :
- প্রেস ক্লাব
