অনন্যা ও লবী রহমান'স কুকিং ফাউন্ডেশনের পিঠা উৎসব
বাহারি স্বাদের পিঠাপুলি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৩৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৩৪
'এক রাজার দুই বউ ছিল। একদিন বড় বউকে পিঠা বানাতে বললে ছোট বউ স্বাদ নষ্ট করার জন্য গোপনে পিঠার ওপরে তিল ছিটিয়ে দেন। রাজা সেই পিঠা খেয়েই বড় বউয়ের গুণে মুগ্ধ। এদিকে হিংসায় ছোট বউয়ের মনে মোচড় কাটে।' গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী 'সতিন মোচড়' পিঠা তৈরি নিয়ে এই কেচ্ছাই বলে বেড়িয়েছেন মুরুব্বিরা। বিলুপ্ত এই পিঠাটি বাংলাদেশের একটা অতি প্রাচীন হারিয়ে যাওয়া ঐতিহ্য। শুক্রবার ছুটির দিনে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত পিঠা উৎসবে দেখা মেলে পিঠাটির। নামের মাঝেই আকর্ষণ। সেইসঙ্গে স্বাদেও অনন্য এ পিঠার কারিগর বগুড়ার উদ্যোক্তা নাদিরা হাসান সেরা নির্বাচিত হন।
পাক্ষিক অনন্যা ও লবী রহমান'স কুকিং ফাউন্ডেশন আয়োজিত এ উৎসব শুরু হয় সকাল সাড়ে ৯টায়। ৩১টি স্টলে রাজশাহী, চাঁদপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা ও বগুড়ার রন্ধনশিল্পীরা হরেক রকমের পিঠা-পায়েস তুলে ধরেন। বাহারি স্বাদের পিঠার সুগন্ধ রসিক করে তোলে পিঠাপ্রেমীদের। পিঠাপুলির বাহারি নাম পিঠার স্বাদ আরও বাড়িয়ে দেয়। চিতই, তেলের ভাপা, পাটিসাপটা, বাদাম পিঠা, নকশি, সেমাই, সাজের, রসের, পাক্কন, বিউটি পাপড়ি, মাংস পুলি ছাড়াও অঞ্চলভিত্তিক পিঠাও ছিল।
অনুষ্ঠান পরিচালনাকারী কর্মকর্তা ও প্রদর্শনকারীদের সাজসজ্জাও ছিল অন্যরকম। পুরুষের নকশি করা পাঞ্জাবি এবং নারীদের লাল-সবুজের বাহারি শাড়িতে মুখর ছিল পিঠা উৎসবের নান্দনিক পরিবেশ। সকাল থেকেই ছিল দর্শনার্থীর উপচেপড়া ভিড়।
বিকেলে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক ও অনন্যা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেন, স্পর্শ ব্রেইল প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা নাজিয়া জাবিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও বিবিএ প্রোগ্রাম ডিরেক্টর ড. জেবুন্নেসা রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক শেফ টনি খান, ফুড অ্যান্ড বেভারেজ রিজেপির পরিচালক শেফ আহমেদ ও মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ।
প্রতিযোগিতায় অন্য বিজয়ীরা হলেন- সুরাইয়া আক্তার, সাবিরা সুলতানা, সাহানা ইয়াসমিন, মেহেরুন আক্তার মেরি ও রুহুল আমিন। প্রত্যেকের হাতে ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেন অতিথিরা।
- বিষয় :
- পিঠা উৎসব
- পাক্ষিক অনন্যা