ঢাবিতে দুজনের ওপর হামলা
তদন্তে ছাত্রদলের প্রতি পক্ষপাতের অভিযোগ ছাত্র ইউনিয়নের
ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২১:২৭
অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পেপার্সের হেড অব প্রডাকশন মোরসালিনা অনিকা ও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের বিজ্ঞান শাখার আহ্বায়ক অনিন্দ্য বিশ্বাসের ওপর হামলার ঘটনায় তদন্তে পক্ষপাতের অভিযোগ উঠেছে। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে তদন্তের অগ্রগতি জানতে ও সিসিটিভি ফুটেজের দাবিতে প্রক্টর কার্যালয়ে যান ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় প্রক্টরকে না পেয়ে সহকারী প্রক্টরদের সঙ্গে বৈঠক করেন তারা।
বৈঠকে তদন্তের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ও প্রভাষক মো. মাহবুব হাসান উপস্থিত ছিলেন। তিনি জানান, তদন্তের অংশ হিসেবে আগের দিন অভিযুক্ত ছাত্রদল নেতা গোলাম মুকতাদির ইরামের সঙ্গে কথা বলেছেন তারা।
তবে সহকারী প্রক্টরের বক্তব্য ও আচরণে নিরপেক্ষতার ঘাটতি ছিল বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন। সংগঠনটির দাবি, তার কথাবার্তায় ছাত্রদলের প্রতি পক্ষপাতের মনোভাব প্রকাশ পেয়েছে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
সিসিটিভি ফুটেজের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রক্টরের মাধ্যমে আইসিটি সেল থেকে তা সংগ্রহ করতে হবে। ছাত্র ইউনিয়নের অভিযোগ, এভাবে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলে ফুটেজ সরবরাহে বিলম্ব করা হচ্ছে। এতে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
ছাত্র ইউনিয়নের অভিযোগ, গত ২২ নভেম্বর রাত দেড়টার দিকে রমনা কালীমন্দিরের ফটকে অনিকা ও অনিন্দ্যের ওপর হামলা হয়। বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের কর্মী গোলাম মুকতাদির ইরামের নেতৃত্বে একদল যুবক এ হামলা চালান।
হামলার অভিযোগ অস্বীকার করে গোলাম মুকতাদির ইরাম দাবি করে আসছেন, এর আগে তার ওপর হামলা চালানো হয়েছিল। এ নিয়ে সেই রাতে অনিন্দ্য ও অনিকার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়।
ছাত্র ইউনিয়নের দাবি, হামলার ঘটনায় অভিযোগ জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ছাত্র ইউনিয়ন